আরব আমিরাতের বিমানে বোমা হামলা, দারফুরে নিহত কমপক্ষে ৪০
সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারি টেলিভিশন দাবি করেছে, দারফুরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান বোমা হামলায় ধ্বংস হয়েছে। বিমানটি কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহন করছিল এবং আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আলজাজিরার তথ্য অনুযায়ী, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সংঘাতে লিপ্ত। সেনাবাহিনী অভিযোগ করেছে, বিমানটি উপসাগরীয় একটি ঘাঁটি থেকে বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম নিয়ে এসেছিল, যা আরএসএফকে সহায়তার জন্য পাঠানো হচ্ছিল।
আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, আরব আমিরাতও হামলার ঘটনা অস্বীকার করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, নিহতদের মধ্যে কতজন কলম্বিয়ান রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ২০২৪ সালের শেষ দিক থেকে কলম্বিয়ান ভাড়াটে সৈন্যরা দারফুরে এসে বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে।
সুদানি সেনাবাহিনীর দাবি, আরব আমিরাত নিয়ালা বিমানবন্দর হয়ে আরএসএফকে উন্নত অস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়ও চীনা তৈরি দূরপাল্লার ড্রোনের উপস্থিতির প্রমাণ মিলেছে।

