চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ
DhakaNewsBD24
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-১২৮)-এর দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আটক যাত্রীরা হলেন—বাঁশখালীর মোহাম্মদ আরাফাত ও আমিরাবাদের মোহাম্মদ রায়হান।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে সিগারেটের জন্য ১২ লাখ ৬০ হাজার টাকা, একটি আইফোনের জন্য ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের জন্য ৬০ হাজার টাকা—মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জড়িত দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫