আরেকটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
DhakaNewsBD24
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সংশ্লিষ্ট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর বিমানটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সফলভাবে সেটিকে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার দাবি করে, দেশটির স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশনের (বিমান থেকে বেরিয়ে আসা) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে ইরানের সশস্ত্র বাহিনী ইরান-কুয়েত সীমান্তবর্তী আকাশসীমায় একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে ইরানি সূত্র উল্লেখ করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল।

