চুরির অভিযোগ, তবুও বাবার প্রতি সন্তানের ভালোবাসার দৃশ্য কাঁদিয়েছে মানুষকে
Dhakanewsbd24
উজিরপুর (বরিশাল)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবাকে নিয়ে গল্প-সিনেমায় অনেক আবেগঘন দৃশ্য দেখা গেলেও সবকিছুকে যেন হার মানিয়েছে বাবার প্রতি এক ছোট্ট শিশুর ভালোবাসার দৃশ্য। ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করছিলেন স্থানীয় লোকজন। চারপাশে মানুষের ভিড়, উত্তেজনা আর চিৎকার। বাবাকে বাঁচাতে হঠাৎ ভিড় ঠেলে ছুটে আসে ৯ বছরের এক ছোট্ট মেয়ে। হাতজোড় করে সে বলতে থাকে, ‘বাবাকে মেরো না।’
আটক ওই ব্যক্তির নাম অনিক হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে তিনি ধরা পড়েছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়গুলো মীমাংসাও করা হয়েছিল।
ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিককে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন স্থানীয়রা। এ দৃশ্য দেখে তার ৯ বছরের মেয়ে বাবাকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছুটে আসে। সে উপস্থিত লোকজনকে বাবাকে মারধর না করার অনুরোধ করতে থাকে।
এরপর ঘটে আরও এক হৃদয়স্পর্শী দৃশ্য। বাবার জন্য বাড়ি থেকে চা ও রুটি নিয়ে আসে মেয়েটি। চায়ের মধ্যে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে থাকে। আর কাঁদতে কাঁদতে বলে, ‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না।’
বাবার শরীরের ব্যথার জায়গায় ছোট্ট হাত বুলিয়ে দিতে দিতে সে জানতে চায়, ‘বেশি ব্যথা পাইছো বাবা?’
চারপাশে তখনও উত্তেজনা। এর মধ্যেই বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত অনেকের চোখে পানি এনে দেয়।
পরে মানবিক দিক বিবেচনায় স্থানীয় সালিশের মাধ্যমে অনিককে ছেড়ে দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫