ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
Dhakanewsbd24
১২ মার্চ ২০২৬
নেত্রকোনায় রাজনৈতিক মতবিরোধের জেরে এক ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা।
জানা গেছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগ নেতা মীর মো. জাহিদুর রহমান ছোটনকে আদালতে নোটারি করে ত্যাজ্যপুত্র করেছেন তার বাবা মীর আব্দুল খালেক। মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা আদালতে নোটারি সম্পন্ন করা হয়।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নোটারির কপি প্রকাশ করে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন জাহিদুর রহমান ছোটন।
নোটারি নথিতে মীর আব্দুল খালেক উল্লেখ করেন, তার সর্বকনিষ্ঠ ছেলে কৈশোরকাল থেকেই পারিবারিক নীতির বাইরে গিয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, তার পরিবার ও আত্মীয়স্বজনের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করেন।
রাজনৈতিক মতবিরোধ ও বিভিন্ন সময় দাবি আদায়ে অসদাচরণের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে তিক্ত সম্পর্ক চলছে। তাই ছেলের কোনো কর্মকাণ্ডের দায় তিনি বা তার পরিবার বহন করবেন না এবং এদিন থেকে তার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিন্ন করা হলো।
এদিকে ফেসবুক পোস্টে মীর মো. জাহিদুর রহমান ছোটন লিখেছেন, বহু বছর ধরে তার সঙ্গে ঘটে যাওয়া অনেক ঘটনা তিনি গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু সেগুলো নানা ভাবে প্রকাশ পেয়েছে।
তিনি আরও লেখেন, “তবে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার পথচলা থেমে থাকবে না।”
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫