তারেক রহমানের দেশে ফেরা: ‘ট্রাভেল পাস’ প্রসঙ্গ কেন সামনে আসছে?
Dhakanewsbd24
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা ঘিরে নতুন করে 'ট্রাভেল পাস' ইস্যু আলোচনায় এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার জানিয়েছেন, চাইলে তারেক রহমানকে “একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব।” এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে—তাহলে কি তার হাতে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট নেই?
সাধারণত পাসপোর্টহীন নাগরিকদের দেশে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই বক্তব্যই ইঙ্গিত করে যে তারেক রহমান হয় পাসপোর্ট নেননি, নয়তো জটিলতার কারণে তা নবায়ন করা হয়নি।
এদিকে নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, তারেক রহমানের নাম এখনো দেশের ভোটার তালিকায় নেই। তবে কমিশন অনুমোদন দিলে তিনি চাইলে ভোটার হতে পারবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা সদিচ্ছা প্রকাশ করতেই এমন মন্তব্য করতে পারেন। আমাদের মনে হয়—পাসপোর্ট বা ট্রাভেল পাস—কোনো কিছু নিয়েই সমস্যা হবে না, কারণ সরকারেরও সদিচ্ছা আছে।” তবে তিনি জানেন না, তারেক রহমান বর্তমানে পাসপোর্ট পেয়েছেন কি না বা আবেদন করেছেন কি না।
শনিবার তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, দেশে ফেরার সিদ্ধান্ত ‘অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’। এরপরই তাঁর দেশে ফেরা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়—সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে, এবং কেন তিনি নিজে তা নিশ্চিত করতে পারছেন না।
এ অবস্থায় সরকারের ট্রাভেল পাস মন্তব্য নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫