বনশ্রীতে রহস্যময় পরিবার, ৫ বছর ধরে ঘর থেকে বের হন না মা ও দুই ছেলে!
DhakaNewsBD24 | প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৫
রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় এক পরিবারের অদ্ভুত জীবনযাপন ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জানা গেছে, ওই পরিবারের মা ও দুই সন্তান প্রায় পাঁচ বছর ধরে ঘর থেকে বের হন না।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে ওই এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন মনিরুল নামের এক ব্যক্তি। করোনা মহামারির সময় থেকেই পরিবারের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।
বাড়ির দারোয়ান জানান, মা ও দুই সন্তানকে কখনও বাইরে যেতে দেখা যায় না। দুই থেকে তিন মাস পর একবার তারা দরজা খানিকটা খুলে বাজারের জিনিসপত্র নেন। ১৬ ও ২১ বছর বয়সী দুই ছেলের পড়াশোনাও বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর ধরে।
বাড়িওয়ালা জানান, তারা নিয়মিত ভাড়া পরিশোধ না করায় নোটিশ দেওয়া হলেও ঘর ছাড়তে রাজি নন। বাধ্য হয়ে তিনি পুলিশের সহযোগিতা নেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েও দরজা খুলতে পারেনি। সাংবাদিকরা কথা বলতে চাইলে ভেতর থেকে শুধু কথোপকথনের শব্দ শোনা যায়।
ভেতর থেকে ওই নারী দাবি করেন, “আমার স্বামী বাইরে গেলেই হত্যার আশঙ্কা থাকে।” তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও ষড়যন্ত্রের অভিযোগও তোলেন।
এ সময় ভেতর থেকে এক ছেলে বলেন, “আমি এখন স্টুডেন্ট। কিন্তু আমাকে লেখাপড়া করতে দিচ্ছে না। আমাকে আঁকড়ে ধরছে।”
অন্যদিকে, মনিরুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির। তিনি চিকিৎসা নিতে রাজি নন বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে চিকিৎসকরা বলেন, পরিবারের সদস্যরা সম্ভবত সিজোফ্রেনিয়া বা ডিলিউশনাল ডিসঅর্ডার নামক মানসিক রোগে ভুগছেন। এতে রোগীর মধ্যে ভ্রান্ত বিশ্বাস জন্ম নিতে পারে, তারা কাছের মানুষদের সন্দেহ করে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা ওই পরিবারের দ্রুত চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫