লক্ষ্মীপুরে পাঁচ কলেজে কেউ পাস করেনি, সর্বোচ্চ ফল প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের
Dhakanewsbd24
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে লক্ষ্মীপুর জেলার পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
শূন্য পাসের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—সদর উপজেলার কুশাখালীতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ডিআর মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং একই উপজেলার ফজুমিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে, জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিও সন্তোষজনক ফলাফল করেছে বলে জানা গেছে।
ভালো ফলাফল অর্জনকারী অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসসালাম মডেল গার্লস কলেজ, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হায়দরগঞ্জ মডেল কলেজ এবং লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন উত্তীর্ণ হয়েছে।
জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পাঁচটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ার বিষয়টি শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫