লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা
Dhakanewsbd24
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি হৃদয়বিদারক ভিডিওর জেরে কুমিল্লার লালমাই উপজেলায় এক এতিম শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, শিশু সামিয়া তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে—যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনাটি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় শিশুটির সৎ মা আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন।
ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫