ল্যাবএইড পরিচালক ও তার বাগদত্তার বিরুদ্ধে দেহরক্ষীকে হামলার অভিযোগ
Dhakanewsbd24
প্রকাশিত : ০৫ মে ২০২৬,
ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীম ও তার বাগদত্তার বিরুদ্ধে এক দেহরক্ষীকে মারধর ও মদের বোতল দিয়ে মাথায় আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে। আহত দেহরক্ষী শাহীনুর ইসলাম অবসরপ্রাপ্ত সেনাসদস্য। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ মে) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিসা শামীম ও তার বাগদত্তা সামি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় শাহীনুর ইসলামকে ডেকে নেন। সেখানে বাদানুবাদের এক পর্যায়ে সামি মদের বোতল দিয়ে শাহীনুরের মাথায় আঘাত করেন। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়। জীবন বাঁচাতে শাহীনুর ওই বাসা থেকে পালিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ধানমন্ডি থানায় হাজির হন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহীনুর ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি আমলযোগ্য না হওয়ায় তা সরাসরি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শাহীনুর ইসলাম দাবি করেছেন, ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। পরে তাকে ল্যাবএইডের ধানমন্ডি শাখার পরিবর্তে মিরপুর শাখায় উচ্চ বেতনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
এদিকে ধানমন্ডি থানার ওসি (অপারেশন) রেজানুর রহমান জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে। পুলিশ উভয় অভিযোগই খতিয়ে দেখছে।
বিষয়টি নিয়ে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ল্যাবএইডে এর আগেও চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ এবং বিচার চাওয়ায় স্বজনদের হুমকি দেওয়ার মতো ঘটনা সংবাদমাধ্যমে এসেছে। নতুন এই অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫