শাহজালালে বিশৃঙ্খলার অভিযোগে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
Dhakanewsbd24
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, গালিগালাজ ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ১ অক্টোবর বিমানবন্দরে এ-সংক্রান্ত বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
এজাহার অনুযায়ী, ব্যাপক যাত্রীচাপের কারণে মদিনা থেকে ঢাকায় আসা বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। এ সময় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্তের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং মারমুখী আচরণ করেন।
সরকারি কাজে বাধা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চলছে।
এদিকে, মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও অতীতে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন বলে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫