শাহরুখ কোন মানদণ্ডে জাতীয় পুরস্কার পেলেন, প্রশ্ন উর্বশীর
সেরা পার্শ্ব চরিত্রের জন্য ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী। তবে এই স্বীকৃতির পরপরই পুরস্কার প্রদানের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সেরা অভিনেতা নির্বাচনের প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
উর্বশী বলেন, “শাহরুখকে সেরা নির্বাচিত করার মানদণ্ড বা পরিমাপক কী ছিল? আর বিজয় রাঘবানকে মূল চরিত্র থেকে সরিয়ে কেন পার্শ্ব চরিত্রের পুরস্কার দেওয়া হলো?”
পুরস্কার প্রদানে স্বচ্ছতার অভাব ছিল বলে দাবি করে উর্বশী আরও বলেন, “বিজয় রাঘবান একজন অভিজ্ঞ ও বহুমুখী অভিনেতা। তাকে যদি মূল চরিত্রের জন্য পুরস্কার না-ই দেওয়া হয়, তবে অন্তত বিশেষ জুরি মেনশন তো প্রাপ্য ছিল!”
তিনি আরও জানান, বিজয় রাঘবান অভিনীত মালায়ালম চলচ্চিত্র ‘পুক্কালান’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনিও। তবে প্রতিদিন নয় ঘণ্টা মেকআপ ও শারীরিকভাবে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য না থাকায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তবুও তিনি বিজয় রাঘবানের প্রতি সম্মান জানিয়ে বলেন, “কোটি টাকার বিনিময়েও হয়তো আমি এই চরিত্র করতাম না। কিন্তু বিজয় রাঘবান সেই ত্যাগ, ধৈর্য ও নিবেদন নিয়ে কাজ করেছেন, যেটা সত্যিকার প্রশংসার দাবি রাখে। এমন একটি চরিত্রকে কীভাবে পার্শ্ব চরিত্র হিসেবে বিবেচনা করা হলো?”
অন্যদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়। তার প্রাপ্তির খবর প্রকাশ করেন খ্যাতনামা নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ বলেন, “এই জয় শুধু আমার একার নয়, জয় তাদেরও, যারা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন কোনো স্বীকৃতি ছাড়াই।”
তবে শাহরুখের এই অর্জন ঘিরে চলচ্চিত্র অঙ্গনে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এবার জাতীয় পুরস্কারের স্বচ্ছতা ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫