শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
DhakaNewsBD24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬
দেশের শিল্পাঞ্চলে শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।
সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন প্রণয়ন কার্যাবলি।
এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি অধ্যাদেশ নির্ধারিত রয়েছে। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে এসব অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন
এদিকে, রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।
সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদে জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন
অপরদিকে, চতুর্থ অধিবেশনকে সামনে রেখে সংসদে জমা পড়েছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ জমা পড়েছে। পাশাপাশি বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫