হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই
Dhakanewsbd24
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বর মাসে দেশে ফিরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তাঁর এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় ও নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনা দেশে ফেরার মতো পরিস্থিতিতে নেই। সরকারই তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই জানিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা যাতে দেশের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে।
এদিকে, সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) বিভেদ রয়েছে। তবে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা এই তিন দলই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিরোধী অবস্থানে রয়েছে। ফলে পারস্পরিক বৈরী অবস্থানের মধ্যেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে তিন দলই। প্রয়োজন হলে তারা কর্মসূচিও দেবে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতির প্রয়োজনে দলমত নির্বিশেষে হাসিনাকে প্রতিরোধ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, হাসিনা দেশে ফিরে আসবেন—এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে।
তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তাঁর দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, হাসিনা আসতে চাইলে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে। সরকার তা করবে বলে মনে হয় না। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’, তাহলে জনগণ জুলাইয়ের মতোই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। বিমানবন্দর বা স্থলবন্দর—যে পথেই তিনি প্রবেশ করুন, জনগণ তাঁকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। কারও নির্দেশের অপেক্ষায় থাকবে না। তাঁকে মোকাবিলায় সরকারি দল-বিরোধী দল বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা তৈরি করেছিল। যে কারণে দেশের জনগণ রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তারা পল্টনে লগি-বৈঠা, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ ৩৬ জুলাইয়ের ঘটনা মিলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষ গুম, খুন ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরাই হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট।
তিনি বলেন, জনগণের এই প্রতিরোধের সঙ্গে আগে যেভাবে ছিলাম, আগামী দিনেও থাকব, ইনশাআল্লাহ। শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাঁকে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। জনগণ তাঁর সাজা কার্যকর দেখতে চায়।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, হাসিনা ফিরে আসার কথা বললেও তিনি নিশ্চিত, শেখ হাসিনা দেশে ফিরবেন না। তবে যদি আসেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫