এপ্রিলেও জ্বালানি তেলের সংকট হবে না: যুগ্ম সচিব
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬
আগামী এপ্রিল মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন চৌধুরী বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে যতটুকু জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল, চলতি বছরের এপ্রিল মাসেও একই পরিমাণ সরবরাহ নিশ্চিত করা হবে। সে হিসেবে কোনো সংকটের আশঙ্কা নেই।
তিনি জানান, দেশে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সীমান্তে পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, ৭ হাজার ৯৪০ টন অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ টন জেট ফুয়েল মজুত রয়েছে।
জ্বালানি বিক্রয় ব্যবস্থাপনা আধুনিক করতে সরকার একটি অ্যাপ তৈরি করছে জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।
ডিপো থেকে পাম্পে সরবরাহে কোনো ঘাটতি বা অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, সোমবার সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার লিটার।
এছাড়া দেশে এলএনজি ও এলপিজি সরবরাহেও কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেন তিনি।

