জুলাই বিপ্লব বলতে চায় না বড় রাজনৈতিক দলগুলো: মাহমুদুর রহমান
Dhakanewsbd24 | প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫
‘দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো জুলাইয়ের ঘটনাকে বিপ্লব হিসেবে স্বীকার করতে চায় না,’ এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “স্ট্যাব্লিশমেন্ট ভেঙে যাওয়ার ভয় থেকেই তারা এটিকে বিপ্লব বলতে চায় না। কারণ বিপ্লব মানেই পুরোনো ক্ষমতাকাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা।”
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য : ক্ষমতা না জনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টি।
মাহমুদুর রহমান বলেন, “জুলাইয়ে দেশের যে গণঅভ্যুত্থান আমরা দেখেছি, স্বাধীনতার পর গত ৫৪ বছরের ইতিহাসে এমন গণআন্দোলন আর দেখিনি। সারা দেশে রক্ত ঝরেছে, মানুষ জীবন দিয়েছে—এটা যদি বিপ্লব না হয়, তাহলে আমরা কাকে বিপ্লব বলব?”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “আবু সাঈদ রংপুরে, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছেন; শুধু কুমিল্লায় শহীদ হয়েছেন ৩৯ জন। উত্তরায় মুগ্ধ শহীদ হয়েছেন। যাত্রাবাড়ীসহ দেশের প্রতিটি স্থানে মানুষ রক্ত দিয়েছে। জনগণের রক্তের বিনিময়ে শুরু হওয়া এই আন্দোলনকে রাজনৈতিক দলগুলো কেন বিপ্লব স্বীকার করতে চায় না, তা বোধগম্য নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্য নেতারা।

