তারেক রহমানকে দেওয়া চিঠির অনুলিপি গ্রহণে অস্বীকৃতি ঢাকা মহানগর উত্তর বিএনপির
Dhakanewsbd24 | ০৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া একটি চিঠির অনুলিপি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বৃহত্তর উত্তরার ৬টি থানা ও ১৩টি ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর পক্ষে বিগত কমিটির সদস্য হাফিজুর রহমান সাগিরের সই করা চিঠিটি গত ২৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়। তবে একই চিঠির অনুলিপি মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে জমা দিতে গেলে অফিস সহকারী মিজান তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
যদিও মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন আহমেদ ও মোহাম্মদ আফাজউদ্দিন চিঠির অনুলিপি গ্রহণ করেছেন।
হাফিজুর রহমান সাগির বলেন,
> “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি কখনই কোনও চিঠি গ্রহণ করে না। আমরা আগেও বহুবার চিঠি দিয়েছি, তখনও গ্রহণ করেনি।”
বিমানবন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম নুরুল ইসলাম নুরু বলেন,
> “আমরা এই মুভমেন্টটা করেছি সাংগঠনিক পরিচয়ের জন্য। এটি আমাদের ন্যায্য অধিকার আদায়ের একটি চলমান মুভমেন্ট। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে এটি চলমান থাকবে।”
দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, মহানগর উত্তর বিএনপির কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পরও ত্যাগী নেতাকর্মীরা কার্যক্রম চালালেও পদায়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ। এ বৈষম্যের বিষয়েই তারেক রহমানের কাছে লিখিতভাবে জানানো হয়।

