তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন জাহিদ হোসেন
DhakaNewsBD24 | প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন,
জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সবার নেতা তিনি। কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরবেন এবং কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।”
এসময় তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগের কর্মীরা যেভাবে হেনস্তা করেছে, তা ন্যাক্কারজনক।
তিনি বলেন,
আওয়ামী লীগের ইতিহাস জনগণের পক্ষে নয়, প্রতিহিংসার রাজনীতিতে ভরপুর। তারা সবসময় জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান, বিএনপি ১৮ মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। দলের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আসনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। স্থানীয় নেতা, জেলা পর্যায়ের জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যারা এলাকায় জনপ্রিয়, তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

