ভাইরাল জেবু পোষা প্রাণীর সঙ্গে দেশ বদলের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা রহমান
বিদেশে বসবাসের কারণে পোষা প্রাণীর পরিবেশ পরিবর্তনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাইমা রহমান। এক পোস্টে তিনি বলেন, পোষা প্রাণী নিয়ে বাসা বা দেশ বদলানো অত্যন্ত কঠিন একটি বিষয়, যা প্রাণীপ্রেমীরাই ভালোভাবে বোঝেন।
তিনি জানান, জেবু নামের তাদের পোষা প্রাণীটি মহাদেশ পেরিয়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে এসেছে। জাইমার ভাষায়, এই পরিবর্তন জেবুর মতো ছোট্ট প্রাণীর জন্য বড় ও কষ্টকর, যা মানুষ হিসেবে পুরোপুরি অনুভব করা সম্ভব নয়।
জেবুর মাধ্যমে পাওয়া মানবিক শিক্ষার কথাও তুলে ধরেন তিনি। জাইমা রহমান বলেন, জেবুর কাছ থেকে ধৈর্য, বড়–ছোট সব প্রাণীর প্রতি মমতা এবং ভাষার ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা ও যত্নের গুরুত্ব শেখা গেছে। তাঁর মতে, ভালোবাসা কোনো প্রজাতির সীমা মানে না, আর অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা মানুষকে নিজের সম্পর্কে নতুনভাবে জানতে শেখায়।
পোস্টের শেষাংশে জেবুকে নিয়ে একটি মজার তথ্যও শেয়ার করেন জাইমা রহমান। তিনি জানান, জেবু কখনো ‘মিউ মিউ’ শব্দ করে না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম স্বরে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে বিরক্তিতে গোঁ গোঁ করে এবং যেসব বিড়াল তার পছন্দ নয়, তাদের দিকে জোরে চিৎকার করে।

