ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় ভবনের মালিক জাকারিয়া তাহের

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় ভবনের মালিক জাকারিয়া তাহের
DhakaNewsBD24
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের। রাজনৈতিক অঙ্গনে তিনি আরেকটি কারণে বিশেষভাবে পরিচিত—রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ভবনটির মালিক তিনি নিজেই।
২০০৮ সাল থেকে বিএনপির নীতিনির্ধারণী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গুলশানের ওই ভবনটি। গত দেড় দশকের রাজনৈতিক নানা চড়াই-উতরাই, আন্দোলন-সংগ্রাম ও আলোচিত ঘটনার সাক্ষী এই কার্যালয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় কার্যত অবরুদ্ধ অবস্থায় থাকা এবং কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও এখানেই ঘটে।
দীর্ঘদিন ধরে ভবনটি বিএনপির নিজস্ব সম্পত্তি হিসেবে অনেকের কাছে পরিচিত থাকলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে তিনি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি ছেড়ে দেন এবং পরবর্তীতেও তা ব্যবহারের অনুমতি বহাল রাখেন।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া তাহের কুমিল্লা-৮ আসন থেকে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলালের তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে তিনি আসনের সব কেন্দ্রেই বিজয়ী হন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা। এ হিসাবে তিনি বর্তমান মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী সদস্যদের একজন।
১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। তিনি যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তার বাবা এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পান।
দলীয় রাজনীতিতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং পরে জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাবা এ কে এম আবু তাহের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহের বর্তমানে ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি বরুড়া এলাকায় তাহের পরিবার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও পরিচিত।