মায়ের থেমে যাওয়া পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব: তারেক রহমান
ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা
DhakaNewsBD24
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। যেখানে তার মায়ের পথচলা থেমে গেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করবেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি দেশবাসীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে পৃথক একটি পোস্টও দেন।
তারেক রহমান লেখেন, “গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।”
তিনি বলেন, “লাখ লাখ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে—তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।”
বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং সমবেদনা তাঁর পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
শোক প্রকাশ করে তিনি আরও লেখেন, “এই মুহূর্তে আমি আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আজ মনে হচ্ছে, পুরো বাংলাদেশই আমার পরিবার।”
মায়ের উত্তরাধিকার বহনের প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, “আমার মা সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই আমি সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব।”
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

