ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন: রাষ্ট্রপতি

admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন: রাষ্ট্রপতি
DhakaNewsBD24
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, “তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তিনি অবশ্যই দেশের ভালো করবেন।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয়। আজ (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে শেষ অংশ।
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “তারেক রহমানের সঙ্গে আমার খুব অল্প সময় দেখা হয়েছে। টুকটাক কিছু কথা হয়েছে। তবে যতটুকু দেখেছি, রাষ্ট্রনায়কোচিত গুণাবলি তার মধ্যে রয়েছে—এটা নির্দ্বিধায় বলা যায়। একটি কথা আছে—‘মর্নিং শোজ দ্য ডে’। এই কয়েক দিনের কার্যক্রম দেখে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে তার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই তিনি দেশের কল্যাণে কাজ করবেন—এই বিশ্বাস রাখি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি আলোকবর্তিকা হাতে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন—এটাই আমার কামনা।”
‘এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত’
সাক্ষাৎকারে রাষ্ট্রপতিকে প্রশ্ন করা হয়—তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর তার অনুভূতি কী? জবাবে তিনি বলেন, “এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত (হাসি)। গত দেড় বছর ছিল শ্বাসরুদ্ধকর সময়। এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।”
রাষ্ট্রপতি বলেন, “এই দেড় বছর আমার মাথায় একটাই চিন্তা ছিল—কীভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কীভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি কেটে গেছে।”
দেড় বছর পর নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন
প্রায় দেড় বছরের বিরতির পর দেশে আবারও নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে চলতি মাসে সরকার গঠন করে বিএনপি। এর মধ্য দিয়ে বিদায় নেয় ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এই দেড় বছরে সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও অনেকটা আড়ালে ও চাপের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর সাক্ষাৎকারে তার বক্তব্যে যেন সেই মুক্তির স্বস্তিই ফুটে উঠেছে।