ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুদকের চেয়ারম্যান হতে পারেন সাবেক বিচারপতি মোতাহার হোসেন

admin
মার্চ ৭, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুদকের চেয়ারম্যান হতে পারেন সাবেক বিচারপতি মোতাহার হোসেন
Dhakanewsbd24
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬
সাবেক বিচারক মোতাহার হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। বিএনপির পছন্দের তালিকায় শীর্ষে থাকা বিশেষ জজ আদালত-৩ এর সাবেক এই বিচারকের নাম এখন আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য পদত্যাগ করা আবদুল মোমেন দুদকের চেয়ারম্যান থাকার সময়ও বিএনপির পক্ষ থেকে মোতাহার হোসেনকে কমিশনের চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সে সময় অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার আপত্তির কারণে বিষয়টি আর এগোয়নি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি।
জানা গেছে, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থপাচার সংক্রান্ত মামলার রায় ঘোষণা করেন মোতাহার হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেন।
সে সময় তারেক রহমানকে সাজা দিতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের চাপ থাকলেও তা উপেক্ষা করেন বিচারক মোতাহার হোসেন। অভিযোগ রয়েছে, মিথ্যা রায় লিখতে অস্বীকৃতি জানানোয় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেন। এমনকি সরকারের পক্ষ থেকে রায় লিখে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি আদালতে নিজের লেখা রায়ই পাঠ করেন।
এরপর সরকারের চাপে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে তিনি আত্মগোপনে চলে যান এবং পরে বিদেশে পাড়ি জমান। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। সে সময়ও বিএনপির পক্ষ থেকে তাকে দুদকের চেয়ারম্যান করার প্রস্তাব উঠেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী উপদেষ্টার আপত্তির কারণে তা বাস্তবায়ন হয়নি।
সংসদ অধিবেশনের আগেই কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। তার আগেই দুদকের নতুন কমিশন গঠন করা হতে পারে বলে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ কমিশন গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যা আছে আইনে
দুদক কমিশন গঠনের বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে দুর্নীতি দমন কমিশন আইনে। আইন অনুযায়ী কমিশন গঠনের আগে একটি সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্য থাকেন পাঁচজন—
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি
হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান
এবং একজন অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব
সার্চ কমিটি প্রার্থীদের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
দুদক আইনের অন্তর্বর্তী সরকারের সর্বশেষ সংশোধনী অনুযায়ী কমিশনে মোট পাঁচজন সদস্য থাকবেন—একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার। সংশোধনীতে একজন নারী কমিশনার এবং তথ্য ও প্রযুক্তি খাতে দক্ষ একজন কমিশনার রাখার বিধানও যুক্ত করা হয়েছে।