নিকুঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে অপপ্রচার
Dhakanewsbd24
প্রকাশ: ১২ মার্চ ২০ রাজধানীর নিকুঞ্জ এলাকায় সড়ক দখল করে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় তরুণ সাংবাদিক তাসবির ইকবালকে ঘিরে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নিকুঞ্জ টানপাড়া এলাকার জামতলা রোড দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা চালান স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বিষয়টি এলাকায় ক্ষোভের সৃষ্টি করলে এ নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক তাসবির ইকবাল।
অভিযোগ রয়েছে, এরপরই রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের সঙ্গে জড়িত সবুজ ফায়েজ, রায়হান সানভিম, রিফাত, সাজ্জাদ ও রাশেদসহ একটি গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক তাসবির ইকবালকে নিয়ে অপপ্রচার শুরু করে। অভিযুক্তরা রফিকুল ইসলামের আত্মীয় বলে জানা গেছে।
এদিকে সড়ক দখলের সংবাদ প্রকাশের জেরে গত শনিবার অভিযুক্তরা ওই সাংবাদিকের বাড়ির সামনে গিয়ে গালাগাল ও হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজে মূল অভিযুক্ত সবুজের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দিতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টানপাড়া এলাকার বাসিন্দা সবুজ ফায়েজ ও রায়হান সানভিম নিজেদের বাড়ির সামনে সড়কের প্রায় দুই ফুট জায়গা দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর ও সিঁড়ি নির্মাণ করছিলেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তারা সাংবাদিক তাসবির ইকবালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছেন।
সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা খোলস পাল্টে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

