বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা বোর্ড
Dhakanewsbd24
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমানের বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বঘোষিত রুটিন অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তিনি জানান, আগামীকালের পরীক্ষা স্থগিত বা পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই ১৫ জুলাইয়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা প্রথম দিনের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। প্রায় ১০ ঘণ্টা আন্দোলনের পর তারা রাজপথ ছেড়ে যান।
শিক্ষার্থীদের একটি অংশের দাবি, দিনভর আন্দোলনের সময় দিনাজপুর ও বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ঢাকায় পুলিশের লাঠিচার্জের অভিযোগও রয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় তারা ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি জানান।
তাদের ঘোষণা অনুযায়ী, রাতের মধ্যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত না এলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে, শিক্ষার্থীদের আরেকটি অংশের মত, আন্দোলনে সব পরীক্ষার্থী অংশ নেননি এবং অনেকেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাই পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়া উচিত।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন পুনরায় বলেন, “আগামীকালকের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষার রুটিন পরিবর্তনেরও কোনো সিদ্ধান্ত হয়নি। সে হিসেবে ১৫ জুলাই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

