শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
Dhakanewsbd24
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সার্জন ডা. মোস্তাক আহমেদ Dhakanewsbd24-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহীদ মিনার সংলগ্ন স্টাফ কোয়ার্টারে তার বাসা বলে জানা গেছে।
হাসপাতালের মর্গের সামনে রাকিবের বাবা তারিকুল ইসলাম খোকনকে আহাজারি করতে দেখা যায়।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী জি এম ইশান সাংবাদিকদের বলেন, “আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।”
আহত রাকিবের বন্ধু মো. রনি বলেন, “রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে শহীদ মিনারের দিকে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”
পুলিশ জানিয়েছে, রাকিবের মাথায় গুলি লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, “ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা থেকে লোকজন এক যুবককে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

