উত্তরায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
Dhakanewsbd24
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মো. সাইফুল ইসলাম একাকে প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, দৈনিক তৃতীয় মাত্রার সিটি রিপোর্টার এবং অনলাইন পত্রিকা ক্রাইম নিউজ ঢাকা ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. সাইফুল ইসলাম একা গত ১০ সেপ্টেম্বর উত্তরার আজমপুর রেললাইন এলাকায় রেলের জমিতে অবৈধ বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের পর একই দিন রাত ৮টা ১৬ মিনিটে ওই বাজারের কথিত সভাপতি হাফিজ ও রাজু নামে এক ব্যক্তি ০১৮২৩-৮৬৭০৭০ নম্বর থেকে তাকে ফোন করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলা হয়, “নিউজ করলি কেন? আমার পরিচয় জানিস? চাঁদাবাজির নিউজ করছিস? বেশি বাড়াবাড়ি করলে মাটি দিয়ে দিব। তোকে উত্তরায় যেখানে পাবো, কবর দিয়ে দিব।”
জিডিতে সাংবাদিক সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, রাজু সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে তাকে “চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে মানহানি করেছেন। একইসঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত ১২ সেপ্টেম্বর তুরাগ থানায় জিডি করেন সাংবাদিক সাইফুল ইসলাম। জিডি নম্বর ৭৬৫।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, “সত্য সংবাদ প্রকাশ করায় হুমকির শিকার হয়েছি। প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।”
উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, “একজন পেশাদার সাংবাদিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সংবাদের কারণে যদি প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও সামাজিকভাবে হেয় করা হয়, তাহলে তা শুধু ওই সাংবাদিকের ওপর আক্রমণ নয়, গোটা সাংবাদিক সমাজের ওপর আক্রমণ।”
তিনি আরও বলেন, “আমরা এই হুমকির তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিক সাইফুল ইসলাম একা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
তুরাগ থানার অফিসার ইনচার্জ বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

