ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সব দলকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই: দেশে ফিরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

admin
নভেম্বর ৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সব দলকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই: দেশে ফিরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কাজী আবির আসলাম │ Dhakanewsbd24
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫

রাজনৈতিক মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য হলেও তা যেন মতবিরোধে পরিণত না হয়— এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী, সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই।”

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে ওমরাহ পালন ও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন তিনি। পরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এ আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “গত মাসের ১৯ তারিখে ওমরাহর উদ্দেশ্যে দেশত্যাগ করি। তিন দিনে ওমরাহ সম্পন্ন করে ২২ অক্টোবর আমেরিকা পৌঁছি। সেখানে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছি। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সঙ্গে দেখা করেছি, তাদের অনেকের উদ্বেগের কথা শুনেছি এবং আশ্বস্ত করেছি যে বাংলাদেশ এখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে— সেই মুক্তির লড়াইয়ে প্রবাসীদের ভূমিকা ছিল অনন্য।”

প্রবাসী ভোটার নিবন্ধন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই— এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় ব্যাপক সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সফটওয়্যার সমস্যা থাকায় অনেকেই নিবন্ধন করতে পারেননি। আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই— সময় অন্তত ১৫ দিন বাড়ানো হোক এবং প্রক্রিয়াটি আরও সহজ করা হোক।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ ও সরকার পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ তা বাস্তবায়িত হবে।”

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা প্রসঙ্গে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, তবে সেটি চূড়ান্ত নয়। আমাদের ক্ষেত্রেও আঞ্চলিকভাবে তালিকা প্রস্তুত আছে, যথাসময়ে জানানো হবে। জামায়াতে ইসলামী এককভাবে নয়— আরও অনেক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবে।”

লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, “আপনি শুনেছেন, আমি শুনিনি।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার সময় বেঁধে দেয়নি, শুধু অনুরোধ করেছে। যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে, সেটি দেশের জন্যও শুভ হবে। আমরা আগেই আলোচনার আহ্বান জানিয়েছি— আশা করি, অন্যরাও সাড়া দেবেন।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
এ সময় ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী আশরাফুল হকও উপস্থিত ছিলেন।