সাবেক জেনারেলের বিরুদ্ধে সাংবাদিককে মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া
Dhakanewsbd24
প্রকাশ:২৪ শে মার্চ ২০২৬
ধর্মের কল বাতাসে নড়ে”— এমন মন্তব্য করে সাবেক এক সেনা জেনারেলের গ্রেফতারকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক রেজাউল করিম রেজা।
তিনি অভিযোগ করেন, অতীতে ওই জেনারেল তার ক্ষমতার অপব্যবহার করে তাকে বিনা অপরাধে র্যাব সদর দপ্তরে ডেকে নিয়ে মানসিক নির্যাতন করেন। একটি ব্যবসায়ী বন্ধুর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তাকে হেনস্তার শিকার হতে হয় বলে দাবি তার।
রেজাউল করিম রেজা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ওই ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়। তবে তিনি র্যাবের ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ না করে বলেন, “তারা কেবল নির্দেশ পালন করেছে।”
সাংবাদিক রেজা আরও বলেন, “সেদিন তিনি ক্ষমতায় ছিলেন, আজ সময়ই ক্ষমতায়। এখন দেশে-বিদেশে সবাই তাকে দেখছে।”
তিনি গ্রেফতার হওয়া ওই জেনারেলকে ২০০৭ সালের ‘এক-এগারো’ সময়ের অন্যতম বিতর্কিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি তখন জয়েন্ট টাস্কফোর্স সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের রাজনীতিতে বিতর্কিত ভূমিকা রাখেন। “মাইনাস টু ফর্মুলা” বাস্তবায়নের নেপথ্যে তার সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন তিনি।
শেষে রেজাউল করিম রেজা বলেন, “ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। অন্যায় যত বড়ই হোক, একদিন তার বিচার হবেই। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না।”
উল্লেখ্য, সাবেক এই জেনারেলের গ্রেফতারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।

