ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের অভিযোগ
মুক্তিযুদ্ধকে ধারণ না করাদের অনুমতি দিয়ে পক্ষপাতিত্ব করেছে প্রশাসন
স্টাফ রিপোর্টার Dhakanewsbd24
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন— “স্বাধীনতার আইডিওলোজিকে যারা ধারণ করে না, তাদের নির্বাচন করার অনুমতি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করেছে।”
রোববার বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম বলেন,
প্রতিহিংসার রাজনীতিকে আমরা নিরুৎসাহিত করেছি। কিন্তু বারবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের ওপর আঘাত করা হয়েছে। আমাদের পোস্টার নষ্ট করা থেকে শুরু করে সম্ভাব্য সবভাবে আমাদের ব্যাশিং করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের মহান নেতাদের ছবি ও পোস্টার পায়ের নিচে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়েছে। তবুও ধৈর্য ধরে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
ছাত্রদলের এই প্রার্থী বলেন,
৫ আগস্ট পরবর্তী সময়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি করেছে, তারা একক আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করার চেষ্টা চালিয়েছে। পরে দেখা গেল তাদের অনেক নেতা সাবেক ছাত্রলীগ কর্মী।”
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের মাটিতে ‘রাজাকার’ শব্দকে জেনারেলাইজ করা, জাতীয় সংগীতকে অবমাননা, মুক্তিযুদ্ধকে হালকাভাবে দেখানো, নারীবিদ্বেষী আচরণ এবং স্বীকৃত রাজাকারের ছবি টানানো হয়েছে।
এছাড়া মেয়েদের হেনস্তার হুমকির ঘটনাও তুলে ধরে তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অনুরোধ জানান।
আপনারা যদি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পক্ষে পক্ষপাতিত্ব করছে, তাহলে বলা যায় আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।”
এসময় জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমসহ ছাত্রদলের অন্য প্রার্থীরাও বক্তব্য দেন।

