জিয়াউর রহমানের আদর্শে কথা বলেন তারেক রহমান। বিভেদ আর প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ: তারেক রহমান
শাহবাগ, ঢাকা | ৩ আগস্ট ২০২৫
বাংলাদেশের মানুষ আর বিভেদ ও প্রতিশোধের রাজনীতি চায় না, বরং চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন—এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে “জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি” উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “এই দেশে পরিবর্তন আসবেই। আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবে ছাত্রসমাজ। আমাদের ইতিহাসের সব মহান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল তারুণ্য—আজও তাই হবে। ছাত্রদলের প্রতিটি কর্মীই হবে জনগণের প্রতিনিধি, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। শুধু এই আন্দোলনের সময়েই ২ হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা যখন সংগঠনে থাকে, তখন সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারে না।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি ও দক্ষতা অর্জন অপরিহার্য। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে।”
তিনি জানান, “আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ ইতোমধ্যেই বিএনপি শুরু করেছে। অভিজ্ঞ শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মাধ্যমে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কাঠামো প্রণয়ন করা হচ্ছে।”
ছাত্রদলের এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশটি চলে শান্তিপূর্ণ পরিবেশে।

