ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শেষ মুহূর্তের আলোচনা, সভাপতি সোহেল—সাধারণ সম্পাদক আমান!
DhakaNewsBD24
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে—এমন আলোচনা এখন সংগঠনের সর্বস্তরে। সম্ভাব্য কমিটিতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক পদে আমান উল্লাহ আমানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন নেতৃত্ব নির্বাচনে এবার আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, জ্যেষ্ঠতা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং ত্যাগের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।
আলোচনায় একাধিক জ্যেষ্ঠ নেতা
২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের নেতাদের মধ্যে খোরশেদ আলম সোহেল, এবিএম ইজাজুল কবির রুয়েল ও মঞ্জুরুল রিয়াদকে গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মমিনুল ইসলাম জিসান, আমান উল্লাহ আমান ও শরিফ প্রধান শুভর নামও কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় রয়েছে।
এ ছাড়া ২০১০-২০১১ ও ২০১১-২০১২ শিক্ষাবর্ষের নাহিদুজ্জামান শিপন ও রাজু আহম্মেদও জ্যেষ্ঠতা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন বলে সূত্র জানিয়েছে।
ঢাবির বাইরেও আলোচনায় কয়েকজন
সম্ভাব্য কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজী জিয়া উদ্দিন বাসেত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণেশ চন্দ্র সাহস ও নাসির উদ্দিন শাওন।
দলীয় সূত্রের ভাষ্য, নতুন কমিটিতে এমন নেতৃত্ব আনার চেষ্টা চলছে, যারা দীর্ঘ সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগ ধরে রেখেছেন।
শেষ সিদ্ধান্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের
নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।

