জুলাই গণহত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
Dhakanewsbd24
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর মহাখালী থেকে আটক ডিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবি কার্যালয়ে নেওয়া চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, ডিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

