মালয়েশিয়ায় কালো তালিকায় ৪৫ বাংলাদেশি, ফেরার সুযোগ নেই
Nov 4, 2026
ডেস্ক রিপোর্ট ॥ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৪৫ বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির অভিবাসন বিভাগ। ফলে নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে ৯ দেশের মোট ১৮২ জনকে প্রত্যাবাসন করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার তিনজন করে, শ্রীলঙ্কার দুজন এবং চীনের একজন নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। অধিকাংশের পাসপোর্ট থাকলেও পাসপোর্টবিহীন কয়েকজনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়।
এদিকে আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস আটককেন্দ্রে বিশেষ সেবাকেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় কার্যক্রম বিনা সেবামূল্যে সম্পন্ন করা যায়। এ জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

