জোট-সঙ্গীদের জন্য ৬৩ আসন ছাড়ল বিএনপি
Dhakanewsbd24 | আপডেট : ০৩ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে নিজেদের প্রার্থী ঘোষণা করলেও জোট-সঙ্গীদের জন্য ৬৩টি আসন খালি রেখেছে দলটি।
বিএনপি-সমর্থিত তিনটি জোটে রয়েছে ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ সাতটি দল নিয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’; ২০ দলীয় জোট ভেঙে গঠিত হয়েছে ১২ দলীয় জোট; আর জাতীয়তাবাদী সমমনা জোটে রয়েছে ১১টি রাজনৈতিক দল।
বাম গণতান্ত্রিক জোট, সিপিবি ও অন্যান্য ফ্যাসিস্টবিরোধী দলও বিএনপির সঙ্গে অবস্থান নিয়েছে। এসব দলকেও আসন ভাগে প্রাধান্য দেওয়া হয়েছে।
তবে আলোচনায় থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো বিএনপির সঙ্গে জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানায়নি।
রাজধানীর ৭ আসন খালি
সোমবারের ঘোষণায় ঢাকার সাতটি আসন ফাঁকা রেখেছে বিএনপি। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যেকোনো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ থেকে লড়তে পারেন।
১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লড়তে পারেন লক্ষ্মীপুর-৪ আসন থেকে।
দলের সূত্র জানিয়েছে, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), বিএনপি-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭) এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের (ঢাকা-১৩) জন্যও আসন খালি রাখা হয়েছে।
বিএনপির নেতৃত্বে সমন্বিত নির্বাচন
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণাও বিএনপি সমন্বয় করবে।”
মির্জা ফখরুল আরও জানান, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে প্রার্থী হবেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

