ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা
Dhakanewsbd24
প্রকাশিত: রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলা একাডেমির আয়োজনে এ বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের এক সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে বইমেলার আয়োজন করতে হবে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলার প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের সেই আয়োজন আর হচ্ছে না।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন,
“বাপুসসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে তা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সবার সঙ্গে আলোচনা করেই নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।”
এর আগে ঘোষিত সূচি অনুযায়ী ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৭ ডিসেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ১৭ জানুয়ারি।

