তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে আ.লীগের ক্যাডার রবিউল
Dhakanewsbd24
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগের ক্যাডার দেওয়ান রবিউল ও তার সহযোগীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন টানানো হয়। রাতের আঁধারে দেওয়ান রবিউলের নেতৃত্বে কিছু দুর্বৃত্ত ওই ব্যানার ছিঁড়ে ফেলে। তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন সিএনজি চালক দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়।
সিএনজি চালকরা জানান, রবিউল সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের বারছনা গ্রামের দেওয়ান গোলাম রহমানের ছেলে।
ঘটনার প্রতিক্রিয়ায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, “আমাদের নেতা তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছিল। অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতা রবিউলসহ কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে সেগুলো ছিঁড়ে ফেলেছে।”
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, “আগামীকাল আমাদের জেলা সম্মেলন। বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যানার টানানো হয়েছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”
আওয়ামী লীগ ক্যাডার রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে একটি অভিযোগ শোনা গেছে।”

