তারেক রহমানের সঙ্গে দেখা করে সহানুভূতি জানালেন মাহমুদুর রহমান
Dhakanewsbd24
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যান।
এ সময় কার্যালয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান।
তার সঙ্গে উপস্থিত ছিলেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ।
প্রসঙ্গত, গুলশানের এই কার্যালয়টি দীর্ঘদিন বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যবহার করতেন। তিনি গত ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুর পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুলশান কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন। এ সময় অনেকেই বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করছেন।

