শাপলা গণহত্যায় কমিশন ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি
Dhakanewsbd24
(সূত্র: আমার দেশ)
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫
বাংলাদেশের ইতিহাসে শাপলা চত্বরের সেই কালরাত এখনো জাতির বিবেককে তাড়া করে বেড়ায়। সেদিন গুলিবর্ষণে ঝরে পড়েছিলেন অসংখ্য নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী। ভবিষ্যতের স্বপ্ন দেখা তরুণ, শ্রমজীবী বাবা, অসহায় মা-বোন—সবাই রক্তে ভিজে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। কিন্তু আজও সেই রক্তের ন্যায্য হিসাব জাতি পায়নি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘মঞ্চ ২৪’ নামের একটি সামাজিক সংগঠন এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, সেই রাতেই অসংখ্য শিশু বাবাকে হারিয়েছে, মায়েরা হারিয়েছেন বুকের ধন, অনেক স্ত্রী হয়েছেন স্বামীহারা। আজও সেই শিশুদের প্রশ্ন—“আমার বাবা কোথায়?” আজও সেই মায়েদের আর্তনাদ—“আমার সন্তান কি শহীদ, নাকি তার নামই হারিয়ে গেছে ইতিহাস থেকে?”
জাতি হিসেবে আমরা এই দায় এড়িয়ে যেতে পারি না—উল্লেখ করে সংগঠনটি তিন দফা দাবি জানায়ঃ
১. শাপলা চত্বর গণহত্যার জন্য অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার কমিশন গঠন করতে হবে। এতে মানবাধিকার সংগঠন, গবেষক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিবর্গ থাকতে হবে।
২. শহীদদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রকাশ করতে হবে, যাতে নিহত প্রতিটি শহীদের নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় এবং তাঁদের পরিবার মর্যাদা ও স্বীকৃতি পায়।
৩. নিহত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
সংগঠনটির দাবি—এখন সময় এসেছে রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করার। আর কোনো পরিবারকে প্রশ্ন নিয়ে বাঁচতে দেওয়া যাবে না—“আমার স্বজন কোথায়, তার রক্তের বিচার কবে হবে?”
শাপলা চত্বরের শহীদদের আত্মা আজও প্রশ্ন করছে—আমরা কি তাঁদের ভুলে গেছি? ইতিহাস কাউকে ক্ষমা করে না। জাতি যদি নীরব থাকে, তবে সেই রক্তের ঋণ চিরকাল জাতির ঘাড়ে বর্তাবে।
বিবৃতিতে আরও বলা হয়, শাপলা চত্বরের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শনের একমাত্র পথ হলো সত্য প্রকাশ, বিচার নিশ্চিতকরণ এবং তাঁদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসে স্থায়ীভাবে স্থান দেওয়া।

