এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
DhakaNewsBD24
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মোহাম্মদ ইসহাক সরকার।
শনিবার (১৮ এপ্রিল) এনসিপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বড় কোনো পরিবর্তন না হলে রবিবার দুপুরে দলটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন। এ সময় ‘আপ বাংলাদেশ’-সহ বেশ কিছু তরুণ নেতারও দলটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মোহাম্মদ ইসহাক সরকার এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। গত ৪ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ইসহাক সরকার ‘ফুটবল’ প্রতীক নিয়ে ঢাকা-৭ (আসন নং-১৮০, লালবাগ-কামরাঙ্গীরচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হামিদুর রহমানের কাছে পরাজিত হয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
রাজনৈতিক জীবনে ছাত্রদলের ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে আলোচনায় আসেন ইসহাক সরকার। পরবর্তীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগ আমলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

