ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৪র্থ দিন, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

admin
জুন ১০, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৪র্থ দিন, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা
DhakaNewsBD24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬
স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে আগামী বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিয়া।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, “অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে ব্যয় করা অন্যায়।” তিনি জানান, বুধবারের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অবদান উল্লেখযোগ্য। তিনি সরকারের প্রতি দ্রুত দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আহ্বান জানান।
বিশেষ অতিথি বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহনাজ আক্তার রানু বলেন, “বেতনহীন নন-এমপিও শিক্ষকরা ফুটপাতে অবস্থান করবেন—এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”
কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ নন-এমপিও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার আহ্বান জানান।
ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক গাজী হারুন অর রশিদও দ্রুত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান।
নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী বলেন, “আমরা ২০-২৫ বছর ধরে বৈষম্যের শিকার। বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এ বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদের এমপিওভুক্ত করা হোক।”
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, “বিএনপি সবসময় শিক্ষা-বান্ধব। দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।”
এছাড়া সমন্বয়ক আবতাবুল আলম, প্রভাষক মো. মোবারক হোসেনসহ অন্যান্য বক্তারা দ্রুত এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।
অধ্যক্ষ আব্দুস সালামের সঞ্চালনায় কর্মসূচিতে সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ মিজানুল হক মামুন, প্রভাষক হাবিবুল্লাহসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।