ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
Dhakanewsbd24
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত চলা এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ চলায় এ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে সংস্কারকাজ করায় যানবাহনকে এক লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। শনিবার অতিরিক্ত যানবাহন এক লেন দিয়ে চলাচল করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। একপর্যায়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
দীর্ঘ যানজটে আটকে থাকা বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।
মেঘনা টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা একই স্থানে আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের জানা নেই।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করায় যানবাহন পর্যায়ক্রমে এক লেন দিয়ে চলাচল করছে। এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।

