ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ভাইরাল শিল্পী লাইলি খালাকে ঘিরে ফরিদপুরজুড়ে আলোচনা

admin
মে ২৭, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভাইরাল শিল্পী লাইলি খালাকে ঘিরে ফরিদপুরজুড়ে আলোচনা
DhakaNewsBD24
প্রকাশ : ২৭ মে ২০২৬
ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ “লাইলি খালা” এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক নাম। সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে অনুষ্ঠিত নজরুল জন্মোৎসবে তাঁর গাওয়া গান ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে। এরপর থেকেই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে।
লাইলি বেগম, সবার কাছে পরিচিত “লাইলি খালা” নামে। দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের হাট-বাজার, মেলা, ওয়াজ মাহফিল, রামকীর্তন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘুরে বেড়ানো এই ভবঘুরে শিল্পী নিজের স্বতন্ত্র জীবনধারা ও সংগীতপ্রেমের কারণে আলাদা পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা জানান, অক্ষরজ্ঞানহীন হলেও গান ও মানুষের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। বহু বছর আগে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে যাতায়াতের মাধ্যমে তার সংগীতচর্চার শুরু। পরে নিজ চেষ্টায় হারমোনিয়াম বাজানো ও গান গাওয়া রপ্ত করেন তিনি। ধীরে ধীরে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন আয়োজনে হয়ে ওঠেন পরিচিত মুখ।
গত ২৪ মে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে লাইলি খালা দুটি গান পরিবেশন করেন। বিশেষ করে তাঁর গাওয়া “নয়ন ভরা জল গো তোমার” গানটি শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।
সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, লাইলি খালাকে ঘিরে মানুষের আগ্রহ নতুন কিছু নয়। ২০২৫ সালের ৬ জানুয়ারি ফরিদপুর হেরিটেজের প্রথম অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই অনুষ্ঠানে অধ্যাপক আলতাফ হোসেন, ফারাহ দিবা আহমেদ, শামীম আরা বেগমসহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও লাইলি খালার স্থায়ী কোনো ঠিকানা নেই। স্বামী মারা গেছেন অনেক আগে। ছেলে-মেয়েরা আলাদা থাকেন। কখনো ছেলের বাসায়, কখনো পরিচিতজনের বাড়িতে রাত কাটান তিনি। তবে যেখানে মানুষের ভিড়, সেখানেই যেন তার টান।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক দর্শক বলেন, “লাইলি খালার গানে কৃত্রিমতা নেই। তিনি মনের আনন্দে গান করেন বলেই মানুষ তাকে ভালোবাসে।”
এদিকে ভাইরাল হওয়ার পরও লাইলি খালার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে জানান তার পরিচিতজনরা। বরং প্রচার-প্রচারণা তাকে বিব্রতই করে। তার ভাষায়, “এক মানুষের সাথে আর এক মানুষের কোনো মিল নাই। এক জীবনে কি মানুষ দেখা ফুরোয় স্যার?”