মাথা গোঁজার ঠাঁই হারানো নাঈমুদ্দিনের পাশে তারেক রহমান
Dhakanewsbd24
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬
রাজধানীর মগবাজারে ফুটপাতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন প্রবীণ নাঈমুদ্দিন। অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা ১৩ মিনিটে তারেক রহমান মোবাইল ফোনে নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৃদ্ধের পাশে থাকার আশ্বাস দেন এবং তার জন্য স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের ব্যবস্থা করার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’-কে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে মগবাজার এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনার সঙ্গে সঙ্গে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারান ৮০ বছর বয়সী নাঈমুদ্দিন।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের বিষয়টি গুরুত্ব দেন। পরবর্তীতে এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নাঈমুদ্দিনকে সহায়তার আগ্রহ প্রকাশ করে। একইসঙ্গে তারেক রহমানও তার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাস দেন।
মোকছেদুল মোমিন মিথুন আরও জানান, নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থানের কাছাকাছি এলাকায় স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে।

