রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত
DhakaNewsBD24
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাসেলের বন্ধু রিপন দাস জানান, শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বলেন, এ ধরনের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধের জেরেই একটি পক্ষ রাসেলকে গুলি করেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

