ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠতার পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ঠিকাদার মজিবুর রহমানকে ঘিরে নানা প্রশ্ন

admin
আগস্ট ১৭, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠতার পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ঠিকাদার মজিবুর রহমানকে ঘিরে নানা প্রশ্ন
DhakaNewsBD24
বিশেষ প্রতিবেদক
প্রকাশ :১৭ আগস্ট ২০২৬
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)-এর ঠিকাদার মো. মজিবুর রহমানকে ঘিরে দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিপুল সম্পদ অর্জনের নানা অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি কাজের টেন্ডার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কাজ নেওয়া হতো। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বিল উত্তোলনেরও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, মজিবুর রহমান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার করতেন। বিভিন্ন সময়ে এসএসএফের পাস ব্যবহার করে রাষ্ট্রপতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে যাতায়াতের মাধ্যমে ঠিকাদারি কাজের সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
কাওলা শিশু পার্ক নিয়েও নানা অভিযোগ
কাওলা আবাসিক এলাকার একটি শিশু পার্কের বরাদ্দ ও ব্যবস্থাপনা নিয়েও মজিবুর রহমানকে ঘিরে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিশেষ ক্ষমতাবলে পার্কটির বরাদ্দ নেওয়ার পর সন্ধ্যার সময় পার্কের ভেতরের একটি অফিস কক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের আড্ডা বসত।
এ ছাড়া পার্কে প্রবেশের সময় শিশু, কিশোর, শিক্ষার্থী ও বয়স্কদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর পার্কের আশপাশে মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলে।
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গেও মজিবুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, তার অনুসারীরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল।
৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আনিসুর রহমান নাইমের অন্যতম অর্থদাতা হিসেবেও মজিবুর রহমানের নাম স্থানীয়ভাবে আলোচিত বলে অভিযোগ রয়েছে।
অল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ
মজিবুর রহমানের অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। নরসিংদীর নিজ এলাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন এলাকায় তার সম্পদের উৎস নিয়ে আলোচনা রয়েছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগকারীরা তার ঠিকাদারি প্রতিষ্ঠান, সরকারি কাজের তালিকা, টেন্ডার প্রক্রিয়া, ব্যাংক লেনদেন ও সম্পদের বৈধ উৎস তদন্তের দাবি জানিয়েছেন।
তবে মজিবুর রহমানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।