লেবাননে হামলার পর আলোচনা নিয়ে ধোঁয়াশা
Dhakanewsbd24
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকটি হওয়ার কথা থাকলেও ইরানের প্রতিনিধি দল এখনো তেহরান ত্যাগ করেনি।
মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের সিনিয়র ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্বাস আসলানি বলেন, লেবাননে ইসরাইলি হামলা চলতে থাকলে কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় ইরান।
তিনি বলেন, ‘ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান থেকে রওনা দেয়নি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—যতক্ষণ লেবাননে হামলা চলবে, ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।’
মূলত লেবাননের চলমান পরিস্থিতি এই কূটনৈতিক প্রচেষ্টাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বৈঠক স্থগিতের পেছনে কেবল যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনকেও দায়ী করছে তেহরান। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত ১০ দফা শান্তি পরিকল্পনার কাঠামো থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
আব্বাস আসলানির মতে, এতে ইরানের মধ্যে বড় ধরনের ‘আস্থা সংকট’ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা না করার পুরোনো আশঙ্কা তেহরানে আবারও জোরালো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো প্রমাণ করছে, আমেরিকাকে বিশ্বাস করা কঠিন।’

