তিতুমীর কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন
Dhakanewsbd24
প্রকাশ :১৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
তিতুমীর কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইশা এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেড ওয়েল হোমসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফরহাদ উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদল সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেদ।
তিতুমীর কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ পরশ, মো. আবদুল হান্নান ফরহাদ, মোজাম্মেল হোসেন স্বাধীন, আব্দুল্লাহ আল মামুন লোটাস, কামাল হোসেন, সোহেল আলম, সাগর, জাহের ইসলাম জাহাঙ্গীর। এ ছাড়া ফোরামের সভাপতি তসলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকা, শিক্ষার প্রতি মনোযোগী হওয়া এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. ইকবাল হোসেন তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পুলিশি সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
তিনি লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থী, ছাত্রকল্যাণ ফোরামের নেতৃবৃন্দ এবং ঢাকায় অবস্থানরত ব্যবসায়ীদের একসঙ্গে পেয়ে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি নুর আলম তরুণদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেন। কাজী জিয়াউদ্দিন বাসেদও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে লক্ষ্মীপুর জেলার ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশে কিংবা প্রবাসে—লক্ষ্মীপুরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, তিতুমীর কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ নবীন শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

