আশুলিয়ায় ফের শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, ছুটি ঘোষণা শতাধিক কারখানায়
Dhakanewsbd24
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
সকাল ৮টার দিকে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। এরপর তারা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন কারখানার প্রধান ফটকে জড়ো হন। সেখানে অন্য শ্রমিকদেরও কারখানা থেকে বেরিয়ে আসতে বাধ্য করেন। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ কয়েকটি পয়েন্টে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।
শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড আগামী ডিসেম্বরে বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও কত টাকা বেতন বাড়ানো হবে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ছবি: সংগৃহীত

