যুবদলের তিন নেতার মাথা ফাটাল ছাত্রদলের সেক্রেটারি
DhakaNewsBD24
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬
রাজধানীর দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রি নিয়ে বিরোধের জেরে যুবদলের তিন নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে। শনিবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, দক্ষিণখানে সরকারি কাজের অতিরিক্ত মাটি বিক্রি করছিলেন আল আমিন শান্ত। এতে বাধা দেওয়ায় যুবদল নেতা রাসেলসহ তিনজনের ওপর হামলা চালানো হয়। তাদের রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ।
আহত রাসেল জানান, এলাকার একটি সড়কে চলাচলে সমস্যা হওয়ায় তিনি কিছু মাটি সেখানে ফেলার প্রস্তাব দেন এবং এর খরচ বহনের কথাও বলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাকে হুমকি দেন। একপর্যায়ে রাসেল সরকারি মাটি বিক্রির বিষয়টি উল্লেখ করলে তার ওপর হামলা চালানো হয়।
“আমাকে ও আমার সঙ্গে থাকা কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করা হয়। এতে আমাদের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়,” বলেন তিনি।
এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে হামলার প্রতিবাদে এবং অভিযুক্তের বিচার দাবিতে দক্ষিণখান এলাকায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন যুবদল নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মারামারি, দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, তিনি নির্মাণাধীন ভবন, মালামালবাহী গাড়ি ও দোকানপাট থেকে চাঁদা আদায় করেন।
এছাড়া সম্প্রতি বিমানবন্দর এলাকার একটি তেলের পাম্পে কর্মচারীদের মারধর করে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলাও রয়েছে।

